এক টাকা কম দেয়াকে কেন্দ্র করে নড়াইলে ৬ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে।

এলাকাবাসী ও আহত ইস্র্রাফিল শরীফ বলেন, রবিবার দুপুরে মিঠাপুর বাজারের কায়েম ২৫ টাকায় ডুমুরতলার এক ব্যক্তির নিকট একটি আখ বিক্রি করেন। আখের দাম এক টাকা কম দেয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি আঞ্চলিক ইস্যুতে পরিণত হয়।

পরে নড়াইল সদর উপজেলার বিলডুমুরতলা, হাড়িগড়া ও বাগডাঙ্গা গ্রামবাসী এক পক্ষ এবং লোহাগড়া উপজেলার মিঠাপুর, নখখালী ও মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামবাসী আরেকটি পক্ষে জোটবদ্ধ হয়। তারা মিঠাপুর ব্রিজের দুই পাশে ঢাল, সুড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে স্থানীয় নলদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আবুল কাশেম (৪৮), বিলডুমুরতলা গ্রামের জিন্নাহ মোল্যা (২৫), অহেদ মোল্যা (৫০), জাকির হোসেন (৪৫), মহিবুর রহমান (৪৩), শফিক (২৭), ফরিদ মিনা (৪৫), নাজমুল মোল্যা (২৫), আনিচ (৩০), কোবাদ মোল্যা (৫৫), আল আমিন (২৫), কবিরকে (২৭) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মিঠাপুর গ্রামের আলিম মিনা (২৫), বারিক মিনা (২১), কাইয়ুম ফকির (২০), ওদুদ মোল্যা (৩০), খুররোম ফকির (২৮), রকিব মোল্যা (২৮), সুজন মোল্যা (২০), নয়ন মোল্যা (১৮), নান্নু মোল্যা (২৫), নাজমুল মোল্যা (২৮), সাবু মোল্যা (২৮) ও নখখালী গ্রামের ইস্রাফিল শরীফ (৪৫) আহত হয়।

তাদেরকে নড়াইল হাসপাতালে নিতে বাধা দেওয়ায় স্থানীয় পল্লী চিকিৎসকদের নিকট প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আয়ুব আলী বলেন, সংঘর্ষের সময় দু’পক্ষকে নিবৃত্ত করতে গিয়ে তাদের ৫ জন সদস্য আহত হয়। এদের মধ্যে কনস্টেবল আবুল কাশেমকে প্রথমে নড়াইল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করা হয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ