অবশেষে অব্যাহতির ৬৯ দিনের মাথায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম পদে এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে পুনর্বহাল করা হলো।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়।
এদিকে প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদে পুনর্বহালের দাবি আদায়ে রংপুরে আন্দোলনরত রাঙ্গা সমর্থকরা এ খবরে নগরীর বিভিন্নস্থানে মিষ্টি উৎসব পালন করেছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সুনীল শুভ রায় স্বাক্ষরিক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে তাকে দেয়া অব্যাহতিপত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত ১০ সেপ্টেম্বর সকালে একই ধারায় সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্টির প্রেসিডিয়াম পদ থেকে রংপুর মহানগর ও জেলা সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেন এরশাদ। আর বিকেলে জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জেআই





