নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

নিহত সে‌লিম জাহা‌ঙ্গীর (৩৫) সদর থানার সদর ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে। বাবার নাম আবুল কালাম আজাদ। জাহা‌ঙ্গীর বাবা-মায়ের একমাত্র সন্তান। তিনি ২০০৭ সালে এসআই হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন।

নিহত সে‌লিম জাহা‌ঙ্গীরের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার সদর ফাঁড়ির এএসআই কামরুজ্জামান এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এএসআই কামরুজ্জামান জানান, “আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর থানাধীন হাটিরপাড় এলাকায় নিজের বাসায় বসে পিস্তল পরিষ্কার করছিলেন জাহা‌ঙ্গীর। তার ছেলে জানিয়েছে, এসময় হঠাৎ মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন তিনি। জাহা‌ঙ্গীরের ছেলে (৮) ছাড়াও এসময় বাসায় ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী, বাবা ও মা।”

বাসার গৃহকর্মী নূরজাহান পুলিশকে জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ছিল এবং কোনও কলহ তার চোখে পড়েনি। আর ঘটনার সময় জাহাঙ্গীর ওই ঘরে একা ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর রহমান সর্দার জানান, লাশ দেখে মনে হচ্ছে মাথায় পিস্তল ঠেকিয়েই গুলি করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি বিস্তারিত পরে জানা যাবে।

এমবি