লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার নামুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব আদিতমারী উপজেলার শিয়ালখোয়া গ্রামের রোস্তম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নামুড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক ওই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। নিহত মোটরসাইকেল আরোহী লালমনিরহাটে শহরের দিকে আসছিলেন বলেও জানান তারা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নুরনবী/এসএম