দিনাজপুরের বিরামপুর পৌরসভার বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মোঃ আজাদুল ইসলাম আজাদ (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবগত আনুমানিক রাত সারে ১১টায় পৌরশহরের ইসলামপাড়া আনসার ভিডিপি অফিসের পিছনে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থী মোঃ আজাদুল ইসলাম আজাদ গণ সংযোগ শেষ করে রাত আনুমানিক সারে ১১টায় রিক্সা যোগে পৌরশহরের ইসলামপাড়া এলাকায় এক বিএনপি নেতার সাথে দেখা করে ফিরে আসার পথে ইসলামপাড়া আনসার ভিডিপি অফিসের পিছনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

হামলায় তিনি বাম হাতে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ মশিউর রহমান জানান, আহতের মাথায় আঘাত খুব গুরুত্বর। এ কারণে আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেছি।

বিরমাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

এমএ