বগুড়ার ধুনট উপজেলায় আব্দুল হান্নান (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১২টার দিকে ধুনট-বগুড়া সড়কের শাজাহানপুর ফটকি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হান্নান ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আজিজার রহমানের ছেলে। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বগুড়া শহর থেকে চিকিৎসা শেষে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ির পথে রওনা হন আব্দুল হান্নান। পথে ফটকি ব্রিজের ওপর পৌঁছুলে একই অটোরিকশায় যাত্রীবেশী চার ছিনতাইকারী আব্দুল হান্নানকে উপর্যপুরি ছুরিকাঘাত করে একটি মোবাইল ফোন ও তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা আব্দুল হান্নানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কেএইচ