শুক্রবার জুম্মার নামাজের পর নওগাঁর মহাদেবপুরে মসজিদের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২ দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মগলিশপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আবুল কাশেম (৬০), তার ছেলে হাবিবুর রহমান (৩৫) এবং অপরপক্ষের মৃত লেদু মন্ডলের ছেলে ইব্রাহিম খোকন, আফজাল হোসেনের ছেলে আব্দুল জব্বার (৪৫), আব্দুস ছাত্তারের ছেলে চঞ্চল (৩০) ও কফিল উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩০)।
হাসপাতালে ভর্তি আবুল কাশেম জানান, তিনি দীর্ঘদিন ধরে গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি ছিলেন। সম্প্রতি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি আবুল কাশেমের ২ বিঘা জমি মসজিদের বলে দাবি করে আগের দিন বৃহস্পতিবার দখল করে নেয়। তার চাচা ওই জমি মসজিদের নামে দেওয়ার আগেই আবুল কাশেমের কাছে বিক্রি করেন।
এ নিয়ে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের আঙ্গিনায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির সূত্রপাত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আহত আব্দুল জব্বার জানান, আবুল কাশেম মসজিদের মুতাওয়াল্লি থাকলেও জমির কোনো ধান মসজিদে দিতেন না। এ নিয়ে মহাদেবপুর থানায় কয়েকবার বৈঠক হয়েছে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





