রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিএনপি’র দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার ইফতারের ঘটনাকে কেন্দ্র করে সৎ মা শিরিন ভরসা ও ছেলে এমদাদুল হক ভরসার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে শিরিন ভরসার সমর্থক হিসাবে পরিচিত জুয়েল, মনিরুজ্জামান মিঠু ও এনামুলকে আটক করেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমদাদ ভরসার সমর্থকরা উপজেলা সদরে ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ আগে শিরিন ভরসার সমর্থকরা সেখানে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলাকারীরা একটি মোটরসাইকেলে আগুন দেয় ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ