মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকালে নবাগত জেলা প্রশাসকের সাথে শ্রীপুরের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজ দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, ঠিক সে সময়ে তাকে মাগুরা জেলায় পদায়ন করা হয়েছে।

তিনি এ জেলাকে দুর্নীতি মুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। তিনি শ্রীপুর উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শ্রীপুর উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ অন্যরা । 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সাইফুল্লাহ/এমআর