মাধ্যমিক স্কুল পর্যায়ের সকল আইসিটি শিক্ষকদের মার্চের মধ্যে এমপিওভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে আইসিটি শিক্ষকরা।

রোববার বিকেলে তারা এ স্মারকলিপি দিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ৪নং গেইটের একজন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠনের সভাপতি মো. আশিকুজ্জামান, অসীম রায়, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আজীজ সরকার ও মইনুল ইসলাম।

শিক্ষকদের দাবি, এ মাসের মধ্যেই তাদের এমপিওভুক্ত করতে হবে এবং তা কর্মে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে। এ ছাড়া যাদের আইসিটি বিষয়ে কাগজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা আছে তাদের মাউশি থেকেই এমপিও দিতে হবে। একইসঙ্গে সকল মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি পদটি শূন্য ঘোষণা করতে হবে।

মো. আশিকুজ্জামান বলেন, এ মাসের মধ্যে আমাদের দাবি মানতে হবে। আমরা আজকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছি। আগামীকাল তার সাক্ষাৎ কামনা করেছি।

 এ সময় তিনি সজীব ওয়াজেদ জয়কেও একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান।

এআইজে