জেলার মাধবপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার দুপুর আড়াইটার দিকে মাধবপুর-হবিগঞ্জগামী মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শিমুলগড় গ্রামের মাসুক মিয়া (৪৫) ও একই গ্রামের শফি মিয়া (৪০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মহাসড়কের শাহপুর এলাকায় হবিগঞ্জ থেকে মাধবপুরগামী একটি ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় আহত হন আরও ১০ জন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান চৌধুরী জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার পর থেকেই সিএনজি অটোরিকশা ও ম্যাক্সির চালক পলাতক রয়েছে।

জেআই