বিশ্বে দুইবার নোবেল পুরস্কার বিজয়ী নারী বিজ্ঞানী মাদাম কুরির ৮০ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মাগুরা জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

এ উপলক্ষে দুপুরে মাগুরা সরকারি কলেজের কলা ভবনে আলোচনা সভা ও মাদাম কুরির জীবনের ওপর ডকুমেন্টরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকৌশলী সম্পা বসু, অধ্যাপক কৃষ্ণ পদ ভট্টাচার্য্য, শুভ সাহা, রোহান ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা জানান, মাদাম কুরি বিশ্বের ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী বিজ্ঞানী যিনি পদার্থ বিজ্ঞান ও রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।

এই ফরাসি বিজ্ঞানী ১৯০৩ সালে তেজস্ক্রিয়তার উপর গবেষণার জন্য তার স্বামী পিয়েরে কুরি এবং তেজস্ক্রিয়তার আবিষ্কারক অঁরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান।

১৯১১ সালে তিনি এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনিই প্রথম নারী বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দু’টি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার পান।

তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়েরও প্রথম নারী অধ্যাপক ছিলেন। নোবেল পুরস্কার থেকে শুরু করে জীবনের সব উপার্জন তিনি মানবতার মুক্তির জন্য ব্যয় করেছেন।

এই মহীয়সী বিজ্ঞানী ১৯৩৪ সালের ৪ জুলাই ফ্রান্সে মৃত্যুবরণ করেন।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ