রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার এক বন্ধুকে গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার দেখানো শিক্ষার্থীর নাম আব্দুর রহমান সৈকত।

আজ (৮ ডিসেম্বর) রোববার দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

সাত দিনের রিমান্ডের আবেদনের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম। ডিবি সূত্রে জানা গেছে, সৈকতের সঙ্গে রুম্পার বন্ধুত্ব ছিল। মার্চে সম্পর্ক ভেঙে যায়। এরপর রুম্পা বহুবার সৈকতের সঙ্গে যোগাযোগ করেছেন।

উল্লেখ্য, গত ০৪ ডিসেম্বর (বুধবার) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে ওই ছাত্রীর লাশ পড়ে থাকতে দেখা যায়। যে জায়গায় এ ঘটনা, তার আশপাশে বেশকিছু ছেলে ও মেয়েদের হোস্টেল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন।

রুম্পার লাশ উদ্ধারের ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করেছেন ওই থানার এসআই আবুল খায়ের।

শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পাকে কেউ নিচে ফেলে হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এখনও তা জানা যায়নি।

রুম্পা ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন। মালিবাগের শান্তিবাগে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন ভাড়া বাসায়। চাকরির কারণে তার বাবা রোকনউদ্দিন হবিগঞ্জে থাকেন।

এমবি