মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বন্দর নগরী চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নেমেছিল। রাত ১২টা ১ মিনিটে পুলিশের স্বশস্ত্র অভিবাদন এবং বিউগলে করুণ সুর বেজে উঠার পর থেকেই ফুলে ফুলে শোভিত হতে থাকে শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রামে প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তারপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এ কে এম শহীদুর রহমান, চট্টগ্রামে পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। এ ছাড়া নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ শত শত সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
রাত ১২টা ১মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন অব্যাহত থাকে।
ইআর





