মিয়ানমার সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে শনাক্ত আরও ১৫৫ বাংলাদেশী বুধবার ফিরে আসছেন। মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ সকালে তাদের বিজিবির কাছে হস্তান্তর করবে।
বিজিবি কক্সবাজার-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম মঙ্গলবার রাতে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ১৫৫ অভিবাসীকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার।’
২১ মে সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় ২০৮ অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫০ জনকে ৮ জুন এবং ৩৭ জনকে ১৯ জুন ফেরত আনা হয়। এরপর ২৯ মে মিয়ানমার আরও ৭২৭ অভিবাসীকে উদ্ধার করে। এদের অধিকাংশই বাংলাদেশী বলে তারা দাবি করে। যার মধ্যে বুধবার ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে।
এএইচ





