কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাষ্টার্সের সমমানের স্বীকৃতির প্রক্রিয়া চার দলীয় জোট সরকারের আমলেই শুরু হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (১৭এপ্রিল) দুপুরে চট্টগ্রামের লালখান বাজারের জা’মিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাওমী স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়ে আলোচিত এই হেফাজত নেতা বলেন, সম্প্রতি কওমি সনদের স্বীকৃতিকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বার্থের বলি হওয়ার যেমন সুযোগ নেই, তেমনিভাবে সরকার বিরোধী চেতনাকে পুঁজি করে কিংবা ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক চিন্তায় আক্রান্ত হয়ে যুগান্তকারী এ পদক্ষেপকে অযৌক্তিক প্রপাগান্ডার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করারও সুযোগ নেই।

এক শ্রেণির ইসলাম বিদ্বেষী সেক্যুলার তথাকথিত সুশীল ব্যক্তি, সংস্থা ও মিডিয়ার একাংশ কওমি সনদের ‘স্বীকৃতির বিরুদ্ধে অযাচিত আস্ফালন’ছুঁড়ে চলেছে মন্তব্য করে তাদের এহেন চেঁচামেচির তীব্র নিন্দা জানান মুফতি ইজহার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুণ ইজহার চৌধুরী, জা’মিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি এনামুল হক, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি আবদুর রহমান প্রমুখ।

এমই/মাসুম