কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত কারাগারে শুক্রবার সববন্দী সরিয়ে নেয়ার পর নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১৮ একর জায়গায় উপর কি কি নির্মিত হচ্ছে এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

কারাগার সংশ্লিষ্টরা জানান, পুরনো এ কারাগারটির বেশিরভাগ জমি নিয়ে তৈরি করা হবে কারা কল্যাণ ভবন। এই ভবনে থাকবে সুইমিংপুল, ব্যায়ামাগার, বহুতল পার্কিং, আধুনিক শপিং কমপ্লেক্স ও সিনেপেক্স। ভবনের বাইরে থাকবে সবুজ উদ্যান।

বাকি জমির একাংশ নিয়ে তৈরি হবে একটি আধুনিক কমিউনিটি সেন্টার। কারাগারের সাথে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মানের পরিকল্পনা রয়েছে।

অবশিষ্ট স্থানের একটি অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার পৃথক দুটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ কারাগারের তিনটি কক্ষে বন্দী করে রাখা হয়েছিলো জাতীয় চার নেতাকে। সেখানেই তাদের হত্যা করা হয়। সেই সেলকে ঘিরেই মূলত চার নেতার জাদুঘরটি তৈরি করা হবে। বাকি জমিতে নির্মাণ করা হবে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট।

এ ব্যাপারে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, কারাগার স্থানান্তরের পর খালি জায়গার পরিকল্পনা প্রস্তুতের জন্য একটি প্রতিযোগিতা করা হরে।

প্রতিযোগিতায় যাদের ডিজাইন প্রথম স্থান অর্জন করবে তাদের ডিজাইন অনুযায়ী পরবর্তী নির্মাণ শুরু করা হবে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দেয়া হবে।

এমবি