মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দাউদ হোসেন (৪০) ওরফে দাউদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের বাসিন্দা।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রাতে সদর উপজেলার বরইচারা গ্রামে জেলা ডিবি পুলিশ দাউদকে গ্রেফতার করে।
তার তথ্যমতে অস্ত্র উদ্ধারের জন্য পাশে খালিমপুর এলাকায় গেলে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্যে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে।
উভয়পক্ষের বন্দুকযুদ্ধে পড়ে দাউদ গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে একটি করে থ্রি নট থ্রি কাটা রাইফেল, ওয়ান সুটার গান ও এয়ার রাইফেল এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
দাউদ হোসেনকে রাত ৩টার দিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ মাগুরা সদর থানায় রাখা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দাউদের বিরুদ্ধে ছয়টি হত্যা ও অস্ত্র মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
মাগুরা সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল কর্মকর্তা ডা.রাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





