সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার ভোরে উপজেলার কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের বিশ্বনাথ উপজলার লামাকাজি ইউনিয়নের মাধবপুর গ্রামের সামসুন নূরের পুত্র মিলন মিয়া (১৬) ও একই গ্রামের নূর মিয়ার পুত্র আকমল হোসেন (২৫) সহ তিন জেলে কালারুকা ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামের পাশে সুরমা নদীতে প্রতিদিনের মতো জাল দিয়ে মাছ ধরতে যায়। মিলন মিয়া গোবিন্দগঞ্জ হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
ঘটনার সময় বুধবার ভোরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে মিলন মিয়া ও আকমল হোসেন। এসময় কালা মিয়ার পুত্র সুমন মিয়া (২২) আহত হয়।
পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এব্যাপারে কালারুকা ইউপি সদস্য ফখর উদ্দিন, নূরুল্লাপুর গ্রামের সামছুর রহমান শাজন, লিকছন মিয়া, লামাকাজি ইউপির মাহতাবপুর গ্রামের সৈয়দ আহমদসহ অনেকে দু’জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বজ্রপাতে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
চান/এমবি





