রাজধানীর সূত্রাপুর থানার দয়াগঞ্জে মায়ের কোল থেকে পড়ে ৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে চলন্ত রিকশায় ছিনতাইকারী শিশুটির মায়ের ব্যাগ ধরে টানলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাত নরসিংদীপুর সদর থানার শরীয়তপুরের শাহ আলমের ছেলে।

শিশুটির মা আকলিমা জানান, রাতে গ্রাম থেকে লঞ্চে করে দুই ছেলেকে নিয়ে তারা ঢাকায় আসেন। ভোরে সদরঘাটে পৌঁছালে স্বামী শাহ আলম বড় ছেলেকে ডাক্তার দেখানোর জন্য শিশু হাসপাতালে নিয়ে যান। আর শিশু আরাফাতকে নিয়ে তার মা রিকশাযোগে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন।

পথে দয়াগঞ্জের মোড়ে ব্রীজের কোনায় এক ছিনতাইকারী আকলিমার ব্যাগ ধরে টানলে শিশু আরাফাত নিচে পড়ে যায়। সকাল ১০টার দিকে শিশুটির চাচা বিল্লাল ও তিনি ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।