বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ইফতার মাহফিলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পলাশ উপজেলার ডাঙ্গার ভিরিন্দা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত ওই ইফতার মাহফিলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যোগ দেন ড. আব্দুল মঈন খান। এর কিছুক্ষণ পরই দুই দিক থেকে ডাঙ্গা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই শতাধিক কর্মী দা, ছেনি ও রামদা নিয়ে ইফতার মাহফিলে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তারা প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর করে ইফতারের সবকিছু লুট করে। হামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হন।
হামলার সময় মঈন খানকে নিরাপদ আশ্রয়ে সান্তানপাড়ার নূরুল হুদা মিয়ার বাড়িতে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা।
আব্দুল মঈন খান অভিযোগ করে বলেন, “আমাদের পূর্বনির্ধারিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের দুই শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর করেছে। আমার নেতাকর্মীদের মারধর করেছে।”
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের ইন্ধনেই এ হামলা হয়েছে। তবে তার মধ্যে দলীয় কিছু লোকজন থাকতে পারে।
এএইচ





