চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। একজনকে ক্ষুর দিয়ে আঘাত করে ও আরেকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন মো. মবিন (আনুমানিক ৩৫) ও মো. রফিক (আনুমানিক ৫৫)। আহত ব্যক্তির নাম আনোয়ার (২৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলকরণ এলাকায় একটি সেলুনে মো. জসীম নামের এক ব্যক্তি চুল কাটাতে যান।
এ সময় চুল কাটা নিয়ে সেলুনের কর্মী মবিনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জসীম ক্ষুর দিয়ে মবিনকে আঘাত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মবিন মারা যান।
এ ঘটনায় পুলিশ জসীম নামের ওই ব্যক্তিকে আটক করেছে। মবিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
ওসি জসীমউদ্দিন বলেন, নগরের নিউমার্কেট এলাকায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আরেকটি হত্যাকাণ্ড ঘটে।
খাবার হোটেলের ভেতর মো. রফিক নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন তাঁর সঙ্গে থাকা আনোয়ার। হতাহত দুজনই ওই খাবারের হোটেলের কর্মী।
আহত আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর তথ্যের বরাত দিয়ে ওসি জানান, হান্নান আল ফয়েজ নামের ওই খাবারের হোটেলের ভেতর মো. রফিক ও আনোয়ার থাকতেন। ওপরে হোটেলের অন্য কর্মীরা থাকতেন।
রাতে ওপরে থাকা হোটেলের কর্মী স্বপন ত্রিপুরা রফিকদের কক্ষে যান। তাঁদের মধ্যে আগে থেকেই ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। এর জের ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বপন ধারালো অস্ত্র দিয়ে রফিক ও আনোয়ারকে আঘাত করে পালিয়ে যান। রফিক ঘটনাস্থলে মারা যান।
এসএম





