নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে আগামী বৃহস্পতিবার মিয়ানমারের মংদুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠক সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার বিকালে মিয়ানমারের বিজিপির মাধ্যমে বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নে সদর দফতরে অধিনায়কের কার্যালয়ে পৌঁছেছে।

তবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মিয়ানমারের বিজিপির পক্ষ থেকে পতাকা বৈঠকে কারা উপস্থিত থাকবেন-এ সংক্রান্ত বিজিবির কাছ থেকে তালিকা চেয়েছে। মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ওই পতাকা বৈঠকে বিজিবির কারা অংশ নিবেন সে ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘‘সোমবার রাতে আমি মিয়ানমার দূতাবাসের ডিফেন্স এ্যাটাসে বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, তিনি মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নায়েক রাজজ্জাককে ফিরিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে, খুব শিগগিরই নায়েক রাজ্জাককে সম্মানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হবে। এবং সেটা কোন শর্তের বিনিময়ে নয়।’’

তিনি আরো জানান, মঙ্গলবারও নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে বিজিপির কাছে ম্যাসেজ দেয়া হয়েছে। কখন, কোথায় ও কবে তাকে ফেরত দেয়া হবে-এ ব্যাপারে শিগগির জানানো হবে। নায়েক রাজ্জাককে ফেরত দিতে দেরি হচ্ছে কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালেও ওরা আমাদের দেশের চারজনকে ধরে নিয়ে গিয়েছিল। সেবারও আলোচনা করে তাদের ফিরিয়ে আনতে ১৬ দিন সময় লেগেছিল। 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবার মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে মিয়ানমার ‘অতিরিক্ত করছে’। তবে একটি পতাকা বৈঠক হলেই এ সমস্যা মিটে যাবে বলে তিনি আশাবাদী।

বিজিবি সদস্য রাজ্জাককে ফিরিয়ে আনার অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সাগরে উদ্ধার হওয়া নাগরিকদের সঙ্গে রাজ্জাকের বিষয়টি জুড়ে দিয়েছিল। আমরা বারবার বলেছি, শতভাগ যাচাই-বাছাই ছাড়া আনব না। আমাদের নাগরিক যারা, তাদের অবশ্যেই আনব। এখন রাজ্জাক সাহেবের সঙ্গে এই বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি- তারা অতিরিক্ত করছেন, অতিরিক্ত চাইছে। সেটাও আমরা তাদেরকে খুব ভদ্র ভাষায় জানিয়ে দিয়েছি।’

জেআই