‘এক কোটি চমড়ার মধ্যে এ বছর ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে, যা নগণ্য ব্যাপার’ বলছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গরমের কারণে ১০ হাজার পিস চামড়া নষ্ট হয়েছে বলেও মন্তব্য এই মন্ত্রীর।

রোববার (১৮ আগস্ট) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার, ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বললেন মন্ত্রী।

চামড়া শিল্পের কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, চামড়া তেমন নষ্ট হয়নি। এরইমধ্যে চামড়া কেনা শুরু হয়েছে। একটি দেশ যখন সম্ভাবনার দিকে এগিয়ে যায়, তা ব্যাহত করতে একটি চক্র কাজ করে। বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা জানিয়েছেন এক কোটি চামড়ার মধ্যে এবার দশমিক ৫ শতাংশ চামড়া নষ্ট হয়েছে। এবার যেহেতু গরম পড়েছে সেজন্যই ১০ হাজার চামড়া নষ্ট হতে পারে।

মন্ত্রী বলেন, চামড়ার বিষয়ে নীতিমালা হচ্ছে, আজকের বৈঠকে বিষয়টি সমাধান হয়েছে। আগামী ২২ তারিখে এফবিসিসিআই’র মধ্যস্থতায় এ বিষয়ে সমাধান করা হবে। এটা গতানুগতিক, এখানে তেমন কোনো সমস্যা নেই। আজকেই সব সমাধান হয়েছে। চামড়া শিল্প নিয়ে যে আস্থার সংকট হয়েছে সেটা হয়েছে মৌসুমি ব্যবসায়ীদের কারণে। তারা বিভিন্নভাবে ব্যবসায়ীসহ মিডিয়াকে মিসগাইড করেছে।

তিনি বলেন, কিছু রাজনৈতিক উদ্দেশ্য এখানে কাজ করেছে বলে জেলা থেকে যারা এসেছেন তারা জানিয়েছেন। এগুলো আমরা গুরুত্ব দেই না। আমরা এ বিষয়ে সচেতন। এখন চামড়া পুড়িয়ে ছবি দিলে আমাদের কিছু করার নেই।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, কোরবানিতে এক কোটি চামড়া হয়। এবার তার মধ্যে ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে, মাটিতে (মাটিতে পুঁতা) যে চামড়া গেছে তাসহ। প্রতি বছর কিন্তু পাঁচ হাজার চামড়া এমনি নষ্ট হয়। এবার মূলত বেশি গরমের জন্যই চামড়া বেশি নষ্ট হয়েছে।

তিনি বলেন, ‘জেলা থেকে আগত প্রতিনিধিরা জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেটে বেশি চামড়া নষ্ট হয়েছে। নাটোরে নষ্টই হয়নি। কুষ্টিয়ায় কিছু নষ্ট হয়েছে।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আশ্বস্ত করেছেন, তারা ট্যানারি মালিকদের কাছে এখন থেকে চামড়া বিক্রি করবেন। আর আগের যে বকেয়া টাকা রয়েছে, তা ২২ আগস্ট এফবিসিসিআই’র মাধ্যমে আদায়ের কথা রয়েছে। তারা দুইপক্ষের সঙ্গে বসে সমাধান করে দেবে। যে সমস্যা ট্যানারির মধ্যে রয়ে গেছে, তা সমাধানে মন্ত্রী ও উপদেষ্টা কাজ করবেন বলে জানিয়েছেন।

এএস