কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার ভাদালিয়া এলাকার দরবেশপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার এ ঘটনা ঘটে।

নিহত রাজু দরবেশপুর গ্রামের মুন্তা মণ্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

নিহত রাজুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের মতো বাসায় ঘুমিয়ে ছিলেন রাজু। হঠাৎ প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘেরাও করে রাজুকে তাঁর ঘর থেকে বের করার পর মাথায় গুলি করে। এ সময় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে। রাজু মামুন গ্রুপের সমর্থক ছিলেন।

ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআর