ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়েব আলী ফকিরের মেয়ে।

আটক মো. রফিকুল ইসলাম রফিক উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে ৪ টি কন্যা সন্তান রয়েছে। তাদের মধ্যে ১ জন বিবাহিত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর আটক করা হয়েছে স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে রফিক ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এসময় ঘরে থাকা তার মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেননি।

পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না।

কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এইচএন