পুলিশের টহল দলকে লক্ষ্য করে বোমা হামলা করতে গিয়ে, নিজের বোমার আঘাতে আহত হয়েছেন আতিয়ার রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী।

আতিয়ার রহমান গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খন্দকার পাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

গাংনী থানার পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুবীর দাবি করেন, চোরচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহল দল নিয়ে বুড়িপোতা সীমান্তের দিকে যাচ্ছিলাম। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের টহল দলকে লক্ষ্য করে ২টি হাতবোমা নিক্ষেপ করেন।

একটি বোমা বিস্ফোরিত হয়ে আতিয়ার রহমান নিজেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আতিয়ারকে আটক করা হয়। এছাড়া একটি অবিস্ফোরিত তাজা হাতবোমা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয় বলে তিনি জানান।

আতিয়ারকে পুলিশি পাহারায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এএসআই সুবীর আরও জানান, আতিয়ারের সঙ্গে বদু ও কাবের হোসেন নামে আরও দুই সহযোগী মাদক ব্যবসায়ী ছিলেন বলে স্বীকার করেছেন।

এএইচ