যশোরে অস্ত্র, গুলি, বোমাসহ মানিক মণ্ডল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে যশোর সরকারি এমএম কলেজের পাশে 'তামিন ছাত্রাবাস' থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে খবর ছিল, এমএম কলেজের দক্ষিণ পাশে তামিন ছাত্রাবাসে এক সন্ত্রাসী অস্ত্র, বোমা, গুলিসহ অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালান এসআই মঞ্জুরুল ইসলাম।

পুলিশ সেখান থেকে মানিককে আটক এবং তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২৫টি ককটেল, একটি চাইনিজ কুড়াল, দুটি দা, বোমা তৈরির সরঞ্জাম এবং কিছু খালি কৌটা উদ্ধার করে।

তবে শহরের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানটির কাছে অবস্থিত ছাত্রবাসটিতে এতো বিপুল সংখ্যক বোমা কেন জড়ো করা হয়েছিল, পুলিশ তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, 'আটক মানিক যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকার শ্যামল মণ্ডলের ছেলে।'

তারেক/জারিফ