পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় রিপন চন্দ্র দাস (২২) নামে অপহরণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কোমরপুর (জুনদহ) এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিপন চন্দ্র দাস সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া গ্রামের বাবলু চন্দ্র দাসের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গত ৩০ মে সকালে রিপন চন্দ্র দাস হাতিয়া গ্রামের এক কিশোরীকে (১৪) অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা রিপন চন্দ্র দাসকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার একটি বাড়ি থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করে একটি মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ থানায় আনা হচ্ছিল।

পথে রিপন প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বললে পুলিশ তাকে মহাসড়কের পাশে নামিয়ে দেয়। এসময় তিনি দৌড়ে পালাতে গেলে রংপুরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিপনের পরিবারের অভিযোগ, পুলিশ রিপনকে হ্যান্ডকাফ না পরানোর কারণেই এ ঘটনা ঘটেছে। হ্যান্ডকাফ পরা অবস্থায় থাকলে রিপন পালানো চেষ্টা করতো না।

তবে ওসি আতিয়ার রহমান জানান, রিপনের হাতে হ্যান্ডকাফ ছিল। তারপরও তিনি পালাতে চেষ্টা করলে দুর্ঘটনার শিকার হন।

এমই