এবার টেকনাফে সড়ক দুর্ঘটনায় পা হারলো মা। পাশাপাশি গুরুতর আহত হয়েছে মেয়ে।

উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রাস্তায় শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহারছড়ার পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পা বিচ্ছিন্ন হওয়া জেসমিন আক্তারের (২৮) বাড়ি উপজেলার শাহপরীর দ্বীপ উত্তরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা লাল মিয়ার মেয়ে এবং মৃত আব্দুস শুক্কুরের স্ত্রী।

জানা যায়, জেসমিন ও তার মেয়ে তাসপিয়া আক্তারকে (৬) চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় জেসমিনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।

জেসমিনের বড় ভাই সৈয়দ আমিন বলেছেন, অটোরিকশাযোগে শাহপরীর দ্বীপ থেকে দুপুরে বাহারছড়ার শামলাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন জেসমিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাহেন্দ্রের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালকসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে জেসমিন আক্তারের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার মেয়ে তাসপিয়া আক্তারের ডান হাত ভেঙে গেছে, গলা ও মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীন আবদুর রহমান চৌধুরী বলেছেন, জেসমিনের অবস্থা আশঙ্কাজনক। তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

জেড