চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে আজগর আলী টিটু নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার ওই দুর্ঘটনায় তার কলেজ পড়ুয়া মেয়ে মোছাম্মৎ আগনীও আহত হয়েছেন।
নিহত টিটু ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার বাসিন্দা ও ২৩ পাঠানটুলি ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন জানান, দুপুরে টিটু তার মেয়েকে নিয়ে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন।
লালখান বাজার ও টাইগার পাসের মাঝামাঝি এলাকায় আসার পর পেছন থেকে আসা একটি রাইডার তাকে ধাক্কা দেয়।
এসময় তিনি ডিভাইডারের অপর প্রান্তে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম ওয়াসার একটি পানির ভাউচার তাকে চাপা দেয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর বিকাল তিনটার দিকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক টিটুকে মৃত ঘোষণা করেছেন। আহত আগনী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এআর





