যৌতুকের দাবিতে কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে হত্যার ১৫ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর নাহার বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. ছাদেক মিয়া চান্দিনা উপজেলার চানসার গ্রামের মো. মালু মিয়ার ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ২৮ জুন রাতে স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক নির্যাতন ও মারধরের পর গলাকেটে লাশ বস্তাবন্দি করে চানসার খালে লাশ ফেলে দেয় ছাদেক মিয়া।
পরে ৪ জুলাই চানসার প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালে একটি বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
স্থানীয় চৌকিদার মো. আব্দুল খালেক ও ইন্দ্র মোহন বস্তা খুলে রোকেয়ার পচন ধরা লাশ পান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান লিটন জানান, এ ঘটনায় রোকেয়ার মামা সাহাদ উল্লাহ সাত জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ছাদেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
ওএফ





