সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে ডাকাতের হামলায় গৃহকর্তাসহ দু’জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে আসলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহজাহান সাজু (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবককে পুলিশ ডাকাত বলে দাবি করছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার মাঠপাড়ায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহজাহান সাজু একই এলাকার মতিয়ার রহমানের ছেলে।

আহত গৃহকর্তা আব্দুর রাজ্জাক ও তার ছেলে মোস্তফা মুরাদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাত ১টার দিকে বারান্দার গ্রিল কেটে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পাঁচ ডাকাত তাদের বাড়ির দোতলায় ওঠে। এ সময় শব্দে ঘুম ভেঙে গেলে তারা দরজা খুলতেই ডাকাতরা উপর্যুপরি কোপাতে শুরু করে।

এতে তিনি ও তার ছেলে গুরুতর জখম হন। এ সময় বাড়ির সবাই চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, রাতে মধ্য কাটিয়ার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে ডাকাতির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় ওই পরিবারের সদস্যদের দেওয়া তথ্য মতে অভিযান শুরু করে পুলিশ।

এ সময় ওৎ পেতে থাকা ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চলালে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এএইচ