কুমিল্লা সদর উপজেলায় পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল থেকে পড়ে এক যুবক (২৮) নিহত হয়েছেন। এতে স্থানীয়রা পুলিশের মাইক্রোবাসটিতে আগুন দিয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার বালুতুপা এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, একটি সাদা মাইক্রোবাসযোগে শুক্রবার ভোরে সদর দক্ষিণ থানা পুলিশের চার সদস্য এক মোটরসাইকেল চালককে ভারতের সীমান্তবর্তী লক্ষ্মীপুর এলাকা থেকে ধাওয়া করে। সদরের বালুতুপা এলাকায় ওই মোটরসাইকেল আরোহী পুলিশের গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা যায়। এ সময় স্থানীয় লোকজন পুলিশের চার সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের বহনকারী মাইক্রোবাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তিনি বলেন, মোটরসাইকেল আরোহীকে থামতে বললে না থেমে চলে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এমই





