র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, ‌'ঈদের আগে ও পরে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে কাজ করবে র‌্যাব।'

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কমলাপুর রেলে স্টেশন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মহাপরিচালক বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য কমলাপুর রেলস্টেশনে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, পাটুরিয়া ও দৌলদিয়ায় প্রথমবারের মতো এবার দুটি ক্যাম্প বসানো হয়েছে যাতে মানুষ ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারে। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সতর্ক থাকবে।

বিভিন্ন চাঁদাবাজ ও ছিনতাইকারী সম্পর্কে তিনি বলেন, টিকিট কালোবাজারি রোধ, অজ্ঞান পার্টির দৌড়াত্ম এবং যাত্রীদের নিরাপদে চলাচল নিশ্চিতে র‌্যাব সদস্যরা কাজ করবে। ঈদের আগে ও পরে এ ক্যাম্প বলবৎ থাকবে।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি রাজধানীর সকল বাস ও লঞ্চ টার্মিনালেও একইভাবে ক্যাম্প স্থাপন করা হয়েছে।

রমযানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বেনজির বলেন, রমাযানে দু ’একটা বিছন্ন ঘটনা ছাড়া রাজধানীতে রমজান সুষ্ঠুভাবে পালিত হচ্ছে। দু’একটা ছোট ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভিক রয়েছে।


এমআর/এআই