নারীদের উপর যেকোনো ধরনের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উপলক্ষে ‘নারীর ক্ষমতায়ন ও মানবতার উন্নয়ন’ শীর্ষক এ মানববন্ধনের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

প্রতিমন্ত্রী বলেন, ‘বুকের ব্যথা বুকে ধরে না রেখে নারীদের প্রতিবাদী হতে হবে। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে। যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হলে তা নারীদের অংশগ্রহণেই হবে বলেও মন্তব্য করেন চুমকি।

নারীদের প্রতি আগামী দিনের দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আজ দেশ যখন নারী অংশগ্রহণের উন্নয়নের ধারায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিভিন্ন অপশক্তি মাথাচারা দিয়ে উঠছে। কিন্তু এসব প্রতিহত করতে নারীদের প্রতিবাদী হতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, পরিচালক এ বি এম জাকির হোসাইন, অতিরিক্ত পরিচালক শামীমা হক প্রমুখ।

কনসার্ন ওমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট, পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি (ব্রাক), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ ও জয়িতাসহ দেশের শতাধিক নারী বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থা মনববন্ধনে অংশগ্রহণ করে।

এএইচ