কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, চালের দাম কেন এত বাড়বে, তা আমার কাছে বোধগম্য নয়। ১-২ টাকা বাড়াও কিন্তু অনেক বাড়া। সেখানে ৩২-৩৩ টাকার মোটা চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। কারণগুলো কি?
আজ (২৭ ডিসেম্বর) রোববার ঢাকার কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, চলতি বছর দুই দফা বন্যার কারণে আউশ ও আমন ফলনের কিছু ক্ষতি হয়েছে। তবে উৎপাদনের যে পরিসংখ্যান সরকারের হাতে আছে, তাতে চালের এত ঘাটতি হওয়ার কথা নয়।
আব্দুর রাজ্জাক বলেন, আজকে সরকারের ঘরে চাল নেই। আমাদের চাল আমদানি করতে হচ্ছে। কখনও তাও আমদানি করতে পারি না। কিছু ভুলভ্রান্তি আমাদের আছে। কিন্তু চালের দাম কেন এত বাড়বে?
কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ‘উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (তৃতীয় পর্যায়- প্রথম সংশোধিত)’ কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, আমাদের পেঁয়াজ বীজের সংকট রয়েছে। দুই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমাদের আমদানি করতে হয়।। এ নিয়ে ভাবতে হবে।
এ সময় তিনি দেশে মুগডাল উৎপাদনের ‘ভালো সম্ভাবনা’ রয়েছে জানিয়ে ডাল, তেল, মসলার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষও বাড়ানোর পরামর্শ দেন।
এমবি





