আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি যেমন ভারতের সাথে সই হওয়া চুক্তিগুলোর বিস্তারিত জানতে চেয়েছে, তেমনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদির একান্তে কি আলোচনা হয়েছে, সেটাও জাতি জানতে চায়।’

কুষ্টিয়া পৌর সভা অডিটরিয়ামে বুধবার সকাল সাড়ে ১১টায় করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘বিএনপি যে কোনো ইস্যু নিয়ে সরকারের সাথে আলোচনায় প্রস্তুত’ দলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘বাংলাদেশ বিএনপি একটি গণধিকৃত রাজনৈতিক দল। যার নেত্রী ব্যর্থ। এই ব্যর্থ নেত্রীর সাথে আলাপ করে দেশের কোনো উপকার হবে না।’

তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা- বিএনপির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে তিস্তা চুক্তি হবে না, সেটি সবাই জানে। অথচ বিএনপি বলছে, এ বিষয়ে জাতি হতাশ। নরেন্দ্র মোদির এই সফরে জাতি হতাশ নয়, উচ্ছ্বসিত। দু’দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে।’

আওয়ামী লীগ এই নেতা বলেন, ‘বিএনপি নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গঙ্গার পানি চুক্তির এজেন্ডা নিয়ে ভারত সফর করেছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়টি তার নাকি মনেই ছিল না।’

পরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যশোরের কমিশনার জামাল হোসেনের সভাপতিত্বে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।

এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া চেম্বারের সভাপতি রবিউল ইসলাম ও বিআরবি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডর চেয়ারম্যান মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেআই