কক্সবাজারের উপজেলা উখিয়া থেকে ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৪ হাজার পিস ইয়াবাসহ তিন জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় একটি পিক-আপ ভ্যানা তল্লাশি করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, টেকনাফ উপজেলার নাইমপাড়া এলাকার মো. কাসীমের ছেলে মো. মুন্না (২০), রামু উপজেলার টুয়াইগ্যাকাটা এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. সাগর (২১) ও টেকনাফের মুরাপাড়া এলাকার মো. কাশেরের ছেলে মো. আব্দুল্লাহ (১৯)।

সাংবাদিক ইমরুল কায়েস বলেন, শুক্রবার রাত ১টার দিকে আমার গ্রামের বাড়ি উখিয়ার চৌধুরীপাড়া এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় সন্দেহ হয়। পরে গাড়িটিকে থামতে বলা হয়। এসময় গাড়িতে থাকা একটি শপিং ব্যাগে বিপুল পরিমান ইয়াবা দেখতে পেয়ে কক্সবাজার পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুলকে ফোন করে বিষয়টি জানানো হয়। উনারা দ্রুত উখিয়া থানার ওসি আবুল খায়েরকে ঘটনাস্থলে পাঠান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সাংবাদিক ইমরুল কায়েসের বাসার সামনে একটি পিকাপ ভ্যানে ইয়াবা আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পিক আস ভ্যানটি তল্লাশি করে ৪৪ হাজার পিস ইয়াবা সহ পাচারের সময় ৩ পাচারকারীকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

ওসি বলেন, আটক তিন জনকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

এএইচ