রাজশাহীতে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেনারেল প্রসিকিউটরের (জিপি) কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতারা।

আজ (সোমবার) বেলা পৌনে ১২টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা তালা ঝুলিয়ে দায়িত্বে থাকা পিপি ও জিপিকে কক্ষ থেকে বের করে দেন।

রাজশাহীর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জেমস জানান, গত ৬ বছর ধরে জেলা আদালতের পিপি হিসাবে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, মহানগর আদালতের পিপি হিসাবে আবদুস সালাম ও জিপি হিসাবে অ্যাডভোকেট রবিউল হক কাকর দায়িত্ব পালন করছেন।

ওই ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলেও অভিযোগ করেন অ্যাডভোকেট আবদুল ওহাব জেমস। তাই তাদের এই দায়িত্ব পালনের কোন নৈতিক অধিকার নেই।

দলের জন্য ত্যাগীদের এ পদে নিয়োগ দিতে সম্প্রতি আইন মন্ত্রণালয়ে দাবি জানিয়েছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতারা।

কিন্তু রোববার আগের তিনজনকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা।

তবে, এ ব্যাপারে রাজশাহী আদালতের পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন পাল্টা অভিযোগ করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতাদের বিরুদ্ধে।

তিনি বলেন,১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় যারা দায়িত্বে ছিলেন, তারাই গতকাল তাদের কক্ষে তালা ঝুলিয়েছেন। ওই সময় তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় মন্ত্রণালয় তাদের আর নিয়োগ দেয়নি।

রাজশাহী, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি