চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম খাঁন। তিনি শনিবার বিদ্যুৎ প্লান্ট পরিদর্শন করতে এসে এসব কথা বলেছেন।
শনিবার ভোরে ঢাকা থেকে আসা লঞ্চ থেকে নেমে ভোলা সরকারি বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর শাহবাজপুর গ্যাসফিল্ড ও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট ঘুরে কাজের অগ্রগতি দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান মোহাব্বাতজান চৌধুরী, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক প্রকৌশলী জিকে পান্ডে, পিডিবির প্রধান প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
ভোলা সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় চেয়ারম্যান বলেন, ২২৫ মেগাওয়াট বিদ্যুৎপ্লান্ট বসানোর কাজ শেষের দিকে। প্লান্টের সঙ্গে গ্রীডের সংযোগ, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ প্রায় শেষ। চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিকে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয়গ্রীডে সংযোগ দেওয়া হবে। বাকি ৬৫ মেগাওয়াট সংযোগে আসতে বছরের শেষ হবে।
১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে প্লান্টটি বসানোর কাজ বাস্তবায়ন করছে চিনের মেসার্স চিঙডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
জেডআই





