লক্ষ্মীপুরের রামগতিতে দুই পক্ষের সংঘর্ষে মো. ইসরাফিল হোসেন সজীব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে আহত যুবকের তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৮টার দিকে তুচ্ছ কারণে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের সরকারি বেরিবাঁধের ওপর দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামের ছেলে সজীবকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইআর





