আইনশৃঙ্খলা বাহিনীর চলমান বিশেষ অভিযানে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৩ হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৩৭ জঙ্গী সনাক্ত করা হয়েছে।
এর মধ্যে খুলনায় ১৯৪ জন, গাজীপুরে ৭৯ জন, কুষ্টিয়ায় ৭১ জন, পাবনায় ২৭ জন, ঝিনাইদহে ৪৮ জন, রংপুরে ১২০জন, গাইবান্ধায় ৩৫ জন, নাটোরে ১৭ জন, মগুরায় ২১জন, নড়াইলে ৫৭ জন, চট্রগ্রামে ২৭৬ জন, রাজশাহীতে ২৬২জন ও সাতক্ষীরায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা : খুলনায় বিশেষ অভিযানে ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা, সাজাপ্রাপ্ত, পরোয়ানা, নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা ও চাঁদাবাজ রয়েছে। এ ছাড়া এ সময় খুলনা থানা এলাকা থেকে ২ রাউন্ড গুলি, ৫টি রাম দা ও ৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওসি ওয়াস) আব্দুর রশিদ জানান, ২৪ ঘণ্টায় জেলার ৯ থানার পুলিশ ১৪১ জনকে গ্রেপ্তার করেছে।
গাজীপুর : গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৭৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। এদের মধ্যে জয়দেবপুর থানায় ৩৭ জন, টঙ্গীতে ২০ জন, শ্রীপুরে ৭ জন, কাপাসিয়ায় ৫ জন, কালীগঞ্জে ৭ জন এবং কালিয়াকৈর থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ৭১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নুর হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ সাহাবু্দ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।
পাবনা: পুলিশের সাঁড়াশি অভিযানে পাবনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, চলমান আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।
রাজশাহী: রাজশহীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৬২ জনকে গ্রেপ্তার হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, জেলার নয়টি থানাসহ গোয়েন্দা পুলিশ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬২ জনকে আটক করে। এর মধ্যে কয়েকজন সন্দেহভাজন জেএমবি সদস্য রয়েছেন। তাদের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাইয়ের আগে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।
গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের সাঁড়াশি অভিযানে পাবনায় ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান জানান, গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
রংপুর: রংপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ১২০ জনকে গ্রেপ্তার হয়েছে। রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে রংপুরে সাঁড়াশি অভিযানে এইসব আসামিদেরকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী।
ঝিনাইদহ: ঝিনাইদহ পুলিশের বিশেষ অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন জামায়াত ও ১ জন শিবিরকর্মী রয়েছেন। বাকি ৩৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ মোট ৫৭ জনকে আটক করেছে পুলিশ। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মাগুরা: মাগুরারয় পুলিশের সাঁড়াশি অভিযানে ২১ জনকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন জামায়াত ও একজন বিএনপি কর্মী রয়েছে।
চট্রগ্রাম: চট্রগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৭৬ জনকে গ্রেপ্তার হয়েছে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, অপরাধীদের ধরতে দেশব্যাপী সাঁড়াশী অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে তাদেরকে গ্রেফতার করা হয়।
নাটোর: নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চলছে। সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযান চলবে।
সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে তিন জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আগে থেকেই মামলা রয়েছে।
এমই/এআই





