মাগুরার শ্রীপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে এক নির্মাণ শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার খামারপড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি বলেন, খামারপাড়া গোরস্থান মোড়ে রুবেল মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ‘সেন্টারিংয়ের’ বাঁশ খুলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায় যান পালাশ রায় (৩০) নামের এক মিস্ত্রি।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মনিরুল বিশ্বাস (৩৫) তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও সেপটিক ট্যাংকে পড়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

নির্মাণ শ্রমিক পলাশ চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে। আর মনিরুল শ্রীপুরের টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে।

মাগুরা হাসপাতালের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, সেপটিক ট্যাংকে অক্সিজেনের অভাবে ওই দুইজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।