নাটোরের গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলির কর্মী সমর্থকরা গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাংচুর চালিয়েছে।

আজ দুপুর আড়াইটায় এই রিপোর্ট লেখার সময় উত্তেজনা চলছিল। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রোকসানা মোর্তুজা লিলির কর্মী সমর্থকরা ধানের শীষের কর্মী সমর্থকদের মারপিট করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল আলম আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিলির সমর্থক জাহারুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক জাহারুল ইসলামকে দণ্ড প্রদান করায় দুপুরের দিকে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিলির সমর্থকরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের অনুসারীরা নির্বাচনে ভালো ভাবে কাজ না করার অভিযোগ এনে গোপালপুর পৌরসভা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ও ভাংচুর করে।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রনে বলেও তিনি দাবি করেন। 

এমএ