খুলনা মহানগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা ‘মাদক বিক্রেতা’।
আজ (বুধবার) ভোর রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।
খুলনা সদর থানার এসআই সুভেন্দু জানান, মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ (বুধবার) ভোর রাত সোয়া ৩টার দিকে তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে রাজু ও মানিক গুলিবিদ্ধ হয়ে। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন তাদের খুমেকে চিকিৎসা দেয়া হয়েছে জানান এসআই।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, ২টি রামদা, ২টি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত ২ জনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে।
এমবি





