সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে ২৯টি নৌকাসহ প্রায় অর্ধশতাধিক জেলেকে অপহরণ করেছে বনদস্যু রাঙ্গা বাহিনী।

জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট ক্যাম্প সংলগ্ন ১ নম্বর খালে কাঁকড়া আহরণে নিয়োজিত থাকা জেলেদের উপর রোববার বিকালে ও সন্ধ্যায় দুই দফা হামলা চালায় বনদস্যু রাঙ্গা বাহিনী। এ সময় দস্যুরা মুক্তিপণের দাবিতে ২৯টি নৌকাসহ অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, বৈদ্যমারী, চিলা ও বাশতলা এলাকায়।

জেলে-মহাজনেরা জানান, প্রতিটি নৌকায় দু’জন করে জেলে ছিল। মুক্তিপণ আদায়ের জন্য দস্যুরা অপহৃত জেলেদের বনের তাম্বুলবুনিয়া ও ধনছিয়ারচরে জিম্মি করে রেখেছে বলে অপহৃত জেলেদের বরাত দিয়ে জানিয়েছে জেলে-মহাজন এবং তাদের স্বজনেরা।

চাদপাই রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, অপহরণের খবর জেলেরা বনবিভাগসহ প্রশাসনকে জানাতে চায় না। তারা গোপনে দস্যুদের সঙ্গে যোগযোগ করে তাদের লোকজন ছাড়িয়ে নেয়। যার ফলে সময় মতো খবর পাওয়া যায় না।

এদিকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমনে কোস্টগার্ড সদস্যরা রোববার দিনভর বনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ