দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে ছোট ছোট লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে।

সেজন্য দুর্ঘটনার আশঙ্কায় আজ রোববার অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

তবে স্থানীয় রুটগুলোর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভাগে পড়েছে যাত্রীরা।

বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপন বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে বরিশালে আজ সকাল থেকে সারাদিনে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দমকা আকারে বাতাস বয়ে গেছে সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল গতিবেগে।

বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মো. মিলন হাওলাদার জানান, পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ কারণে সমুদ্র বন্দরে তিন নম্বর এবং নদী বন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এমকে