ফেনীর বালিগাঁওয়ের মধুয়াই এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ভুট্টুকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি বন্দুক, একটি এলজি, ছয়টি কার্তুজ ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
সোমবার ভোরে মধুয়াই গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার ভোরে ফেনীর মধুয়াই গ্রামের আবুল মিঞার বাড়িতে শীর্ষ সন্ত্রাসী ভুট্টু সন্ত্রাসী ও নাশকতা কার্যকলাপ সংগঠনের উদ্দেশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ভুট্টুকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্য মতে ঘরের পাশ থেকে দু’টি বন্দুক, একটি এলজি, ছয়টি কার্তুজ ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর আলম ভুট্টু একই এলাকার আবুল হোসেনের ছেলে।
সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন করে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।
ইতোপূর্বে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ২০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ভুট্টুর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেএইচ





