মেহেরপুরে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’হামিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।  

পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলে দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়।

সোমবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙা মোড় নামক স্থানে এই‘বন্দুকযুদ্ধের’ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম(৩০) সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত হামিদুল মাদক ব্যবসায়ী। তার নামে সদর থানায় ১২টি মামলা রয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুদল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।  

এমবি